Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / রমজানে ঢাকার ২৫ স্থানে সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম ও মাংস - Chief TV

রমজানে ঢাকার ২৫ স্থানে সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম ও মাংস - Chief TV

2026-02-03  ডেস্ক রিপোর্ট  129 views
রমজানে ঢাকার ২৫ স্থানে সুলভ মূল্যে মিলবে দুধ, ডিম ও মাংস - Chief TV

আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি নির্ধারিত স্থানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোজা শুরুর আগের দিন থেকে ২৫ রোজা পর্যন্ত টানা ২৬ দিন এ কার্যক্রম চালু থাকবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও সিটি করপোরেশন এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে সচিবালয় সংলগ্ন এলাকা, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর, আজিমপুর, পুরান ঢাকা, উত্তরা, রামপুরা, হাজারীবাগ, মতিঝিল, বনানী, যাত্রাবাড়ী, বাড্ডা, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, কল্যাণপুর, তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট।

এ ছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালুর মাধ্যমে ধাপে ধাপে বিক্রয়স্থলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রোজায় মাংস, ডিম ও দুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজারদর স্থিতিশীল রাখতে গত রোববার মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও একই ধরনের সুলভমূল্যের বিক্রয় কার্যক্রম চালু করবেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়