চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজ ডায়েরির পর মো. রাশেদুল আলম (৩৮) নামে এক যুবককে রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে হাটহাজারী মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রাশেদুল আলম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুরপাড় এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হয়ে কয়েকদিন আগে আত্মগোপনে চলে যান রাশেদুল। পরে ঋণের চাপ থেকে বাঁচতে অপহরণের নাটক সাজানোর চেষ্টা করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাশেদুলের স্ত্রী রীনা আক্তার স্বামী নিখোঁজ ও অপহৃত হয়েছেন দাবি করে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে মঙ্গলবার ভোরে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর এলাকা থেকে রাশেদুলকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঋণের কারণে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, নিখোঁজ ডায়েরির তদন্তের ধারাবাহিকতায় রাশেদুলকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঋণের চাপ থেকে বাঁচতেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।