আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে ২০১২ সালে পিরোজপুরের সুখরঞ্জন বালী অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া কর্মকর্তা ফজলুর রহমান, যিনি সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
শুক্রবার দুপুরে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকেই অপহৃত হন সুখরঞ্জন বালী। পরে তিনি ভারতের একটি কারাগারে প্রায় পাঁচ বছর আটক ছিলেন বলে জানা যায়।
এই ঘটনায় পরবর্তীতে তিনি দেশে ফিরে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। ২০২৫ সালের ২২ আগস্ট দায়ের করা ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ৩২ জনকে আসামি করা হয়।
এদিকে অপহরণ মামলায় একজন পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।