Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / শাকিবের সঙ্গে প্রেম! - Chief TV

শাকিবের সঙ্গে প্রেম! - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  35 views
শাকিবের সঙ্গে প্রেম! - Chief TV

‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকেই শাকিব খান ও নুসরাত ফারিয়াকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। পরে বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় অনুরাগীদের মধ্যে প্রশ্ন ওঠে—তবে কি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে?

অবশেষে সম্প্রতি একটি পডকাস্টে বিষয়টি পরিষ্কার করেছেন নুসরাত ফারিয়া। অভিনেত্রী জানান, শাকিব খানের সঙ্গে তার প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ফারিয়ার ভাষায়, “আমাদের মধ্যে খুব সুন্দর একটা পেশাদার সম্পর্ক ছিল। সিনেমা, বিজ্ঞাপন কিংবা স্টেজ শো—সবই কাজের জায়গা থেকে।”

২০২০ সালে মুক্তি পাওয়া ‘শাহেনশাহ’-এর পর এই জুটিকে আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ফারিয়া বলেন, বিষয়টি তার কাছেও স্পষ্ট নয়। তিনি একবার শাকিবকেও বলেছিলেন একসঙ্গে আবার কাজ করার কথা। তখন শাকিব জানান, ভালো গল্প আর সঠিক সময় এলে আবারও একসঙ্গে কাজ হতে পারে।

সাক্ষাৎকারে নিজের জীবনের একটি কঠিন সময়ের কথাও তুলে ধরেন ফারিয়া। তিনি জানান, কারাগারে থাকার সময় সেখানে থাকা মানুষদের কাছ থেকে যে সহানুভূতি ও মানবিকতা পেয়েছেন, তা তিনি কখনও ভাবেননি। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়ে থাকার পর অচেনা মানুষদের হাতেই খাবার খেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা আজও তাকে আবেগপ্রবণ করে তোলে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে বিদেশ যাত্রার সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আটক করা হয়েছিল। পরে প্রায় ৪৮ ঘণ্টা কারাবাসের পর জামিনে মুক্তি পান এই অভিনেত্রী।


Share: