সারা দেশের মতো গাইবান্ধা জেলার সদর উপজেলায় দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে জুয়ার রমরমা ব্যবসা চলছে। ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, তরুণ-তরুণীরা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় জড়িয়ে পড়ছে।
উদ্বেগজনক বিষয় হলো, কিছু নামধারী গণমাধ্যমকর্মীকেও এ ধরনের জুয়ায় অংশ নিতে দেখা যাচ্ছে। কতিপয় ব্যক্তির এমন কর্মকাণ্ডের কারণে মূলধারার সাংবাদিকদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
চীফ টিভির অনুসন্ধানী টিম অদ্য ১১ জুন মাঠ পর্যায়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পায় যে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর-বন্দর পর্যন্ত বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমনকি কিছু গণমাধ্যমকর্মীকেও এ খেলায় জড়িত থাকতে দেখা যায়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিক অর্থ উপার্জনের আশায় তারা এই জুয়া খেলায় মেতে উঠেছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে স্মার্টফোনের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মুষ্টিমেয় দুই-একজন ব্যক্তি সাময়িকভাবে অর্থ উপার্জন করতে সক্ষম হলেও অধিকাংশ তরুণ-তরুণী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
সচেতন মহলের দাবি, শুধু মাদকবিরোধী অভিযান নয়, স্মার্টফোনভিত্তিক জুয়া বন্ধেও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ ধরনের জুয়া ভয়াবহ সামাজিক বিপর্যয় সৃষ্টি করতে পারে।