সিরাজগঞ্জের বেলকুচিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে সজোরে চাপা দেয়। বাসের ধাক্কায় অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানে থাকা তিন আরোহীর মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মরদেহগুলো উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।