নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত সর্বশেষ এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এই আসনের সহকারী রিটার্নিং অফিসার ফারাহ ফাতেমা তাকমিলার হাতে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রাপ্ত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনয়ন প্রাপ্ত সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
জাতীয় পার্টির ২ জন প্রার্থী ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী নীলফামারী জেলা যুব সংহতির সাবেক সভাপতি রওশন মাহানামা।
আর স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ঢাকা বলেন বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশীদ মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াদ আরফান সরকার রানা ও বিএনপির সাবেক এমপি মরহুম আব্দুল হাফিজের নাতি (মেয়ের ছেলে) শাহরিয়ার ফেরদৌস।
সকাল থেকে উল্লেখিত প্রার্থীরা ক্রমান্বয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন। সর্বশেষ বিকাল সাড়ে ৪ টায় জামায়াতের প্রার্থী মনোনয়ন জমা দেন। এসময় তার সাথে ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৈয়দপুর উপজেলা আহ্বায়ক মঞ্জুর আলম অর্জন।