গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কের চৌরাস্তার মোড়ে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলে।
অভিযানে মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। অবৈধ যানবাহন আটক করা হয় এবং বেশিরভাগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যৌথবাহিনী নিয়মিত তল্লাশি চালাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনের আগে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নৌপথেও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। নদীপথে অভিযান চলার পাশাপাশি সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং দুর্গম এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। এর ফলে জনগণের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে এবং অবৈধ যানবাহনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আসন্ন নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।