Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, ইতিহাসের নতুন শিখরে মেসি - chief tv

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, ইতিহাসের নতুন শিখরে মেসি - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  38 views
টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, ইতিহাসের নতুন শিখরে মেসি - chief tv


রেকর্ড যেন লিওনেল মেসির দীর্ঘ ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ। এবার ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি, যা বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার করতে পারেননি।

ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ম্যাচের ৮৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে চিরচেনা বাঁ-পায়ের নিখুঁত শটে বল জর্ডানের জালে পাঠান তিনি। তার নেওয়া শটের সামনে জর্ডানের গোলরক্ষক ছিলেন অসহায় দর্শক।

পরিসংখ্যানভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংবাদমাধ্যমের তথ্যমতে, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার নজির আর কোনো খেলোয়াড়ের নেই। মেসির এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বে। সেবার অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে গোল করে রেকর্ডের সংখ্যা নিয়ে যান সাতে।

দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি এখন এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে প্রায় প্রতিটি বিশ্বকাপেই তিনি নতুন কোনো ইতিহাসের জন্ম দিচ্ছেন। জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ না খেলেও একটি অনবদ্য ফ্রি-কিক গোলেই আবারও নিজের মহত্ত্বের স্বাক্ষর রাখলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

গ্রুপ পর্ব শতভাগ সাফল্যের সঙ্গে শেষ করেছে আর্জেন্টিনা। আর নতুন এক বিশ্বরেকর্ডের মালিক হয়ে নকআউট পর্বে পা রাখছেন মেসি। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, রেকর্ডের এই অবিশ্বাস্য যাত্রা তিনি আর কত দূর নিয়ে যেতে পারেন।


Share: