Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি - Chief TV

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি - Chief TV

2026-01-06  ডেস্ক রিপোর্ট  69 views
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি - Chief TV

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেস–এর আশপাশে সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে আবারও গুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খালিজ টাইমস জানায়, মধ্যরাতে প্রাসাদসংলগ্ন এলাকায় হঠাৎ এই গোলাগুলির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটল। যদিও সরকারঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণেই রয়েছে।

গত শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে মার্কিন বিশেষ অভিযানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাকাস থেকে তুলে নেওয়ার পর থেকেই দেশজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। মাদুরো অপসারিত হওয়ার পর তাঁর ডেপুটি দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানায়, দেলসি রদ্রিগেজ শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই স্থানীয় সময় সোমবার রাত প্রায় আটটার দিকে কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের আকাশে একটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। এ সময় নিরাপত্তা বাহিনী সতর্কতামূলকভাবে গুলি ছোড়ে।

প্রাসাদ থেকে প্রায় পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানান, গুলির শব্দ শোনা গেলেও এটি শনিবার ভোররাতের অভিযানের মতো তীব্র ছিল না। তাঁর ভাষায়, পুরো ঘটনাটি প্রায় এক মিনিটের মতো স্থায়ী হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না। পরে দেখেন, আকাশে শুধু দুটি লাল আলো জ্বলছে। কী ঘটছে বুঝতে আশপাশের মানুষজন জানালার দিকে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বলেও তিনি জানান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে এএফপি ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া মেলেনি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আকাশে ট্রেসার বুলেটের মতো আলো ছুটে যেতে দেখা গেছে। ভিডিওতে আরও দেখা যায়, গুলির ঘটনার পর নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য দ্রুত প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।


Share:

Single Page