Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ভোট দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতে যেত - Chief TV

ভোট দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতে যেত - Chief TV

2026-01-25  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  126 views
ভোট দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতে যেত - Chief TV

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দাবি করছে—তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোন মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই চলে যেত।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা আদায় করতে হবে। শুধু ভোট দিলেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল মানুষকে ভুল স্বপ্ন দেখাচ্ছে।

তিনি আরও বলেন, হাসিনা আপা পালিয়ে গেছেন। তিনি তার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের বিপদের মুখে ফেলে চলে গেছেন। আমরা তার রেখে যাওয়া সমর্থকদের বলতে চাই—আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের কোনো ক্ষতি হতে দেব না।

দেশ পরিচালনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অভিজ্ঞতা থেকে বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা আগেও ক্ষমতায় গেছি, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই।

এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং ভবিষ্যতে এলাকায় আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।


Share: