ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যাওয়া যাবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন,
“যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন, তাহলে বাড়ি ফিরে যেতে পারবেন না। মা–বাবার দোয়া নিয়ে, স্ত্রী–সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে আসবেন—এটা হতে পারে আপনাদের শেষ দিন। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তরুণ প্রজন্মকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে। তাঁর দাবি, ভারত, অসাধু ব্যবসায়ী গোষ্ঠী, কিছু প্রভাবশালী মহল, মিডিয়া মাফিয়া এবং অতীতের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা তরুণদের এগিয়ে যাওয়া চায় না। চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধেও তিনি সমালোচনা করেন।
প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন,
“বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, ভুয়া ভোটার তৈরি করা হয়েছে এবং তথাকথিত নির্বাচন পরিচালনা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে এসপি, ডিসি থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তারাও জড়িত ছিলেন।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে জনতার কাতারে নেমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণ পাশে থাকলে প্রশাসনের নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।