রাজধানী ঢাকার তীব্র পরিবেশ দূষণ, বুড়িগঙ্গার পানির ভয়াবহ অবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত 'দক্ষিণের জানালা' শীর্ষক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, ঢাকা শহর এখন আর বাসযোগ্য মনে হয় না এবং আজকাল তাঁর নিজেরই এই শহরে থাকতে ইচ্ছে করে না, বরং শহরের বাইরে চলে যাওয়ার কথা মনে হয়।
মন্ত্রী সতর্ক করে বলেন, ঢাকা শহরের জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, কারণ কোনোদিন যদি এখানে বড় কোনো ভূমিকম্প হয়, তবে পুরো শহর তলিয়ে যাবে। এখানকার বায়ু ও পানি অত্যন্ত দূষিত উল্লেখ করে তিনি বলেন, ঘর থেকে বেরোলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত দূষিত হয়ে গেছে এবং গণহাসপাতালগুলোর পরিবেশ এমন যে সেখানে ঢোকাই যায় না।
নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল আক্ষেপের সঙ্গে বলেন, একসময় যে বুড়িগঙ্গায় নৌকায় চড়ে ঘুরে বেড়াতেন, এখন দূষণ ও দুর্গন্ধের কারণে তার কাছেও যাওয়া যায় না। তাঁর মতে, ঢাকা শহরের সব রোগের মূলে রয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর এই দূষিত পানি।
শহরের কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনামাফিক করার ওপর জোর দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নদীগুলোকে দূষণমুক্ত করার সঠিক পরিকল্পনা নিতে হবে। অথচ বড় বড় প্রজেক্ট বা প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার মতো কার্যকর কোনো উদ্যোগ বা প্রজেক্ট তৈরি হয় না, যা অত্যন্ত দুঃখজনক।