রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে এক বছরেরও কম সময়ের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১৪ মিনিটের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে এলেও এর কারণ ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
রাতে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হলেও বারবার কেন এমন ঘটছে তা খতিয়ে দেখা হবে এবং কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ অক্টোবরেও বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যার কারণে দীর্ঘ সময় ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছিল।
তবে গত রাতের অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আসায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল ছিল এবং কোনো ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেনি।