মেটা প্ল্যাটফর্মস ব্যবহারকারীদের পরিষেবা সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী এপ্রিল থেকে স্বতন্ত্র মেসেঞ্জার ওয়েবসাইট Messenger.com এবং ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দেওয়া হবে।
এর ফলে ব্রাউজারে আলাদা করে মেসেঞ্জার ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীরা ফেসবুক–এর মূল ইন্টারফেসে লগইন করেই আগের মতো বার্তা আদান-প্রদান করতে পারবেন।
মেটা জানায়, তারা মোবাইল ও একক প্ল্যাটফর্মে সেবা কেন্দ্রীভূত করতে চায়, যাতে সব যোগাযোগ এক জায়গা থেকেই সহজে করা যায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অধিকাংশ ব্যবহারকারী মোবাইলনির্ভর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিবর্তনে যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া শুধু ওয়েবে মেসেঞ্জার ব্যবহার করতেন, তারা বেশি প্রভাবিত হবেন। তবে ফেসবুকে লগইন করলে আগের চ্যাট দেখা যাবে এবং পিনের মাধ্যমে চ্যাট ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব হবে।