Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / ‘ব্রাজিলের খেলা দেখে’ বাংলাদেশি সমর্থকের হার্ট অ্যাটাক - Chief TV

‘ব্রাজিলের খেলা দেখে’ বাংলাদেশি সমর্থকের হার্ট অ্যাটাক - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  32 views
‘ব্রাজিলের খেলা দেখে’ বাংলাদেশি সমর্থকের হার্ট অ্যাটাক - Chief TV

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায় মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করেছেন আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক। বর্তমানে তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তীব্র বুকে ব্যথা, অস্বস্তি ও শ্বাসকষ্ট অনুভব করেন এবং মাটিতে পড়ে যান বলে জানা গেছে।

আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়িতে বন্ধু ও এলাকার অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে বসে ম্যাচটি উপভোগ করছিলেন। শুরু থেকেই তিনি দারুণ উৎসাহ নিয়ে খেলা দেখছিলেন, তবে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন।

ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে প্রিয় দলের বিদায় নিশ্চিত হওয়ার পরপরই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত আবেগ ও মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। খেলাধুলাকে বিনোদন হিসেবে নেওয়ার পরামর্শও দেন তিনি।

বর্তমানে আলমগীর হোসেন শঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


Share: