রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হবে দেড় বছরের আলোচিত-সমালোচিত শাসনকাল। উপদেষ্টা সদস্যরা শপথ অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী গাড়িতে যাবেন, তবে ফেরার সময় সেই গাড়িতে জাতীয় পতাকা থাকবে না।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টার দায়িত্ব শেষ হলেও অধ্যাপক ইউনূস “রিটায়ার্ড” হবেন না। তিনি সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ, “থ্রি জিরো” ভিশন এবং দারিদ্র্য কমানোর কাজ চালিয়ে যাবেন।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় ফিরবেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিছুদিন বিশ্রামের পর লেখালিখিতে ফিরে যাবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রমজানের পর লেখালিখি ও বই পড়ায় সময় দেবেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে যোগ দেবেন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ব্রতী ও মানবাধিকার ও নারী উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন।
শফিকুল আলম বলেন, “উপদেষ্টা সদস্যরা শপথ অনুষ্ঠানে যোগ দেবেন এবং দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। তারা দেশের গর্বিত সন্তান।”