Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে কতো ভোট পড়লো, যা জানালেন ইসি সচিব - Chief TV

দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে কতো ভোট পড়লো, যা জানালেন ইসি সচিব - Chief TV

2026-02-12  ডেস্ক রিপোর্ট  35 views
দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে কতো ভোট পড়লো, যা জানালেন ইসি সচিব - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত গত সাড়ে চার ঘণ্টায় ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশের ২৯৯টি আসনের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে গণভোটের ব্যালটেও রায় দিচ্ছেন ভোটাররা।

কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

সচিব বলেন, ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিকে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সচিব জানান, সারাদেশে বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মেহেরপুরে ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে একটি মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, মারামারির ঘটনা ঘটলেও তা বড়ো কোনো পরিস্থিতি তৈরি করেনি।

অপরদিকে, ময়মনসিংহ-১ আসনের একজন প্রিজাইডিং অফিসার গত রাতে মারা গেছেন বলে জানান সচিব। তবে এতে ভোট গ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি এবং বিকল্প উপায়ে সেখানে ভোট গ্রহণ চলছে।

ইসি সচিব আশা প্রকাশ করেন যে, দিনের বাকি সময়ে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে এবং উৎসবমুখর পরিবেশে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে।


Share: