আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী মাঠে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মনোনয়নপত্র হাতে পেয়েই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জোরেশোরে প্রচারণায় নেমেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দেশের ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৯৯৪ জন প্রার্থী। এর মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে জানিয়েছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ২৬ জনের সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি। পাশাপাশি স্থাবর ও অস্থাবর সম্পদের বাজারমূল্য বিবেচনায় ৮৯১ জন প্রার্থী কোটিপতির তালিকায় রয়েছেন।
টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, সম্পদের দিক থেকে শীর্ষে থাকা ১০ জন প্রার্থীর সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—
১. আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩)
সবচেয়ে বেশি সম্পদের মালিক ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তার ও স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে মোট সম্পদের বাজারমূল্য প্রায় ৬০৭ কোটি টাকা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পেশায় ব্যবসায়ী। তার নামে উল্লেখযোগ্য পরিমাণ ব্যাংকঋণও রয়েছে।
২. মোহাম্মদ আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪)
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ও তার পরিবারের মোট সম্পদের মূল্য প্রায় ৪৭৪ কোটি টাকা। পরিবারটির সবাই ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাদের নামে বড় অঙ্কের ব্যাংকঋণ রয়েছে।
৩. ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১)
ময়মনসিংহ-১১ আসনের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৯৯ কোটি টাকা। তিনি ও তার স্ত্রী দুজনই ব্যবসায়ী এবং তার নামে ব্যাংকঋণও উল্লেখ রয়েছে।
৪. জাকারিয়া তাহের (কুমিল্লা-৮)
কুমিল্লা-৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের ও তার স্ত্রীর নামে সম্পদের বাজারমূল্য প্রায় ২৯২ কোটি টাকা। হলফনামায় তার কোনো ঋণের তথ্য উল্লেখ নেই।
৫. সালাউদ্দিন আলমগীর (টাঙ্গাইল-৮)
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের সম্পদের পরিমাণ প্রায় ২৮৩ কোটি টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
৬. এমএএইচ সেলিম (বাগেরহাট-১, ২ ও ৩)
তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের সম্পদের বাজারমূল্য প্রায় ২৬২ কোটি টাকা। তার নামে কিছু দেনার তথ্যও হলফনামায় উল্লেখ আছে।
৭. মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২)
চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন ও তার স্ত্রীর মোট সম্পদের মূল্য প্রায় ২৪৯ কোটি টাকা। তিনি আগে কূটনৈতিক দায়িত্বে কর্মরত ছিলেন।
৮. গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫)
বগুড়া-৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ও তার পরিবারের সম্পদের মূল্য প্রায় ২০৪ কোটি টাকা। পেশায় তারা সবাই ব্যবসায়ী।
৯. মোহাম্মদ ফজলুল আজিম (নোয়াখালী-৬)
নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিমের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯০ কোটি টাকা।
১০. মো. সফিকুর রহমান (শরীয়তপুর-২)
শীর্ষ ১০-এর শেষ প্রার্থী শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী মো. সফিকুর রহমান। তার সম্পদের বাজারমূল্য প্রায় ১৮৫ কোটি টাকা এবং তার নামে উল্লেখযোগ্য ব্যাংকঋণ রয়েছে।