অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিক্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটি থেকে ৬৩০ গিগাবাইটের বেশি গোপন তথ্য চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। পরে আইফোন ১৮ প্রো মডেলের বিভিন্ন যন্ত্রাংশের ছবি ও সরবরাহকারীদের তালিকাও অনলাইনে ফাঁস করা হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
টাটা ইলেকট্রনিক্স বিশ্বজুড়ে অ্যাপল ও টেসলার মতো প্রযুক্তি জায়ান্টদের যন্ত্রাংশ সরবরাহ করে থাকে। ‘ওয়ার্ল্ড লিকস’ নামের একটি র্যানসমওয়্যার গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তারা ডার্ক ওয়েবে দুই লাখেরও বেশি ফাইল প্রকাশ করেছে, যার মধ্যে অ্যাপলের সরবরাহ চেইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে আইফোন ১৮ প্রো’র মূল সার্কিট বোর্ড, ব্যাটারি ও ক্যামেরা মডিউল সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। কোন যন্ত্রাংশ কোন সরবরাহকারী তৈরি করছে, সেই সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্যও এতে প্রকাশিত হয়েছে, যা প্রযুক্তি খাতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ জুন ‘ওয়ার্ল্ড লিকস’ ডার্ক ওয়েবে এই তথ্য চুরির দায় স্বীকার করে। টাটা ইলেকট্রনিক্সও সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে ফরেনসিক তদন্ত চলছে।
প্রতিষ্ঠানটির মতে, হ্যাকাররা দীর্ঘদিন ধরে সিস্টেমের দুর্বলতা কাজে লাগিয়ে ভেতরে অবস্থান করছিল। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল সরাসরি আক্রান্ত না হলেও তার সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ায় পুরো সরবরাহ চেইনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
‘ওয়ার্ল্ড লিকস’ গ্রুপ এর আগে ডেল ও নাইকির মতো বড় প্রতিষ্ঠানের তথ্য চুরির দায় স্বীকার করেছে বলেও জানা গেছে। এবার টাটা ইলেকট্রনিক্সের ঘটনায় অ্যাপলের গোপন পণ্য উন্নয়ন ও সরবরাহ নেটওয়ার্কের বিস্তারিত তথ্য প্রকাশ পাওয়ায় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সুবিধা পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এ ঘটনায় অ্যাপল ও টাটা ইলেকট্রনিক্স উভয়েরই সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অ্যাপল তার উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া চালাচ্ছিল, এই ঘটনা তাতে কিছুটা প্রভাব ফেলতে পারে।