চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষার্থীদের স্বচ্ছতা ও অধিকার নিশ্চিত করতে এবার নতুন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো শিক্ষার্থীর ফলাফল খারাপ হলে তারা এখন থেকে ট্যাবুলেশন শিট দেখার পাশাপাশি নিজের পরীক্ষার খাতা চেক করার সুযোগ পাবে।
এছাড়া পরীক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার পর সব বোর্ড থেকে নমুনা খাতা সংগ্রহ করে তা গভীরভাবে যাচাই করা হবে বলেও জানানো হয়েছে।
শিক্ষা প্রশাসন জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ সংক্রান্ত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর থাকবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
শিক্ষা খাতে অসমতা দূর করতে সরকার কাজ করছে বলে জানানো হয়েছে। বিশেষ করে ফরম পূরণের পর কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা অন্যান্য কারণে ঝরে না পড়ে, সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে ২০২৮ সালের মধ্যে বিভিন্ন শ্রেণির কারিকুলামে পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।