Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / তথ্যপ্রযুক্তি / ‘আজীবন সঙ্গ দেবে’—নতুন এআই রোবট আনল চীনা প্রতিষ্ঠান - Chief TV

‘আজীবন সঙ্গ দেবে’—নতুন এআই রোবট আনল চীনা প্রতিষ্ঠান - Chief TV

2026-07-01  ডেস্ক রিপোর্ট  28 views
‘আজীবন সঙ্গ দেবে’—নতুন এআই রোবট আনল চীনা প্রতিষ্ঠান - Chief TV


একাকীত্ব দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত মানুষের মতো দেখতে নতুন একটি হিউম্যানয়েড রোবট বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবটিক্স। প্রতিষ্ঠানটির দাবি, এই রোবট ব্যবহারকারীর ‘আজীবন সঙ্গী’ হিসেবে কাজ করবে এবং সব সময় তার পাশে থাকবে।

বুধবার (১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির নাম ইউ১। এতে চোখে ক্যামেরা, বুকে সেন্সর এবং শব্দ শনাক্তকারী মাইক্রোফোন রয়েছে। এটি ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারে, হাত ধরতে পারে এবং সময়ের সঙ্গে মানুষের অভ্যাসও শিখে নিতে সক্ষম।

প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি কখনো ব্যবহারকারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না এবং সব সময় নিঃশর্তভাবে সঙ্গ দেবে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী এর চেহারা, চুল ও পোশাক পরিবর্তন করা যাবে। এমনকি প্রিয়জন, কোনো তারকা বা কল্পিত চরিত্রের মতো করেও এটি ডিজাইন করা সম্ভব।

রোবটটি ব্যবহারকারীর মানসিক অবস্থা বুঝে সান্ত্বনামূলক কথা বলতে পারে, ক্লান্তি বা মানসিক চাপ শনাক্ত করতে পারে এবং ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া, স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেওয়া কিংবা একসঙ্গে বিনোদন উপভোগের প্রস্তাব দেওয়ার মতো কাজও করতে পারে।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউ১ কোনো গৃহস্থালি কাজ যেমন রান্না বা ঘর পরিষ্কারের জন্য তৈরি নয়। একইভাবে এটিকে যৌনসঙ্গী হিসেবে ডিজাইন করা হয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।

ইউবিটেক রোবটিক্স জানায়, তাদের মূল লক্ষ্য একা বসবাসকারী ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সী মানুষ। ইতোমধ্যে রোবটটির জন্য ১৩ হাজার ৩০০টির বেশি আগাম অর্ডার পাওয়া গেছে এবং আগামী সেপ্টেম্বর থেকে সরবরাহ শুরু হবে।

রোবটটির প্রাথমিক সংস্করণের দাম প্রায় ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা। উন্নত ফিচারসহ আল্ট্রা সংস্করণের দাম প্রায় ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, বয়স্কদের সেবা ও মানসিক স্বাস্থ্যে এ ধরনের রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মানুষের মতো দেখতে রোবট নিয়ে সামাজিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং অতিরিক্ত মানসিক নির্ভরশীলতার ঝুঁকি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।


Share: