আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে।
এ উপলক্ষে পুলিশ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সম্প্রতি মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তির জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম। তিনি বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। তবে পুলিশ তার দায়িত্ব পালন করে যাবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা চাঁদাবাজ—যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।