Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ‘বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন খালেদা জিয়া’ - Chief TV

‘বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন খালেদা জিয়া’ - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  34 views
‘বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন খালেদা জিয়া’ - Chief TV

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি দায়িত্ব পালনের সময় নিজের বেতনের বড় অংশ দাতব্য কাজে ব্যয় করতেন বলে দাবি করেছেন তার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া নিজের সরকারি বেতন থেকে মাত্র ১ টাকা গ্রহণ করতেন এবং বাকি অর্থ এতিমখানায় দান করতেন।

ফেসবুক পোস্টে মারুফ কামাল খান উল্লেখ করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে নিজের প্রাপ্য বেতনের বড় অংশ তিনি মানবিক কাজে ব্যয় করতেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবেও খালেদা জিয়া দরিদ্র, অসহায় ও এতিম মানুষের সহায়তায় কাজ করেছেন। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচও বহন করতেন।

পোস্টে একটি উদাহরণ তুলে ধরে তিনি দাবি করেন, ২০০১ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফল করা এক দরিদ্র শিক্ষার্থীর উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার নিয়েছিলেন খালেদা জিয়া। পরে ওই শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে এসব সহায়তার বিষয়গুলো খালেদা জিয়া প্রচারে আগ্রহী ছিলেন না বলেও দাবি করেছেন তার সাবেক প্রেস সচিব।


Share: