ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তবে তার মতে, দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার আইনগত কোনো বাধা নেই।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে দেশে ফিরতে শেখ হাসিনার কোনো বাধা নেই। দেশে ফিরে তাকে আত্মসমর্পণ করতে হবে, এরপর জামিনের আবেদন করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে সেটিকে ইতিবাচকভাবেই দেখা উচিত।
তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নীতিমালার গঠনমূলক সমালোচনা এবং উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ দিতে পারে, তাহলে তা দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।