বগুড়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আফতাব পাইকার (৪০) নামের এক ব্যক্তি। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বারপুর হাইওয়ে সংলগ্ন নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
আটক আফতাব সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী বয়রাতলা গ্রামের ইয়াসিন আলী পাইকারের ছেলে। আহত স্ত্রী মিনা বেগম (৩৩) ঝোপগাড়ী পূর্বপাড়া এলাকার ইকরাজুল ইসলাম খালেকের মেয়ে।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রবাসে থাকার সময় আফতাব তার মেয়ের শ্বশুরের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন।ওই বিরোধের জেরেই সোমবার রাতে মিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই আফতাব নিজেই বগুড়া সদর থানা হাজির হয়ে ছুরিকাঘাতের দায় স্বীকার করেন। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিনাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আহত নারী হাসপাতলে চিকিৎসাধীন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।