Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে তরুণদের বিক্ষোভ

বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে তরুণদের বিক্ষোভ

2026-05-15  ডেস্ক রিপোর্ট  38 views
বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে তরুণদের বিক্ষোভ

রাজবাড়ীতে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমান থেকে ব্যতিক্রমধর্মী এক বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ। ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’- এমন হাস্যরসাত্মক স্লোগান সংবলিত ব্যানার নিয়ে তারা এই আয়োজন করেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ বিক্ষোভ মিছিল করেন গোয়ালন্দ উপজেলার এসএসসি ব্যাচ-১৫ এর কয়েকজন বন্ধু।

মিছিলে অংশ নেওয়া তরুণরা ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন মজার স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’ এবং ‘মানি না, মানবো না, শাকিলের গোপন বিয়ে’।

বন্ধুদের অভিযোগ, শাকিল শেখ দীর্ঘদিন ধরে তাদের বিয়েতে দাওয়াত দেওয়ার কথা বলে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোপনে বিয়ে সম্পন্ন করলেও বন্ধুদের কাউকেই আমন্ত্রণ জানাননি। এতে বন্ধুদের মধ্যে অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে সব অভিমানের মাঝেও নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান তারা।

বিক্ষোভ কর্মসূচির অন্যতম আয়োজক আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি-১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিয়মিত যোগাযোগ থাকলেও দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ হঠাৎ করেই বিয়ে করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেই বিয়েতে বন্ধুদের কাউকে দাওয়াত না দেওয়ায় প্রতীকী এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।


Share: