কুমিল্লার বুড়িচংয়ে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস পূর্বাঞ্চলের উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা সভা এবং নবীন ও প্রবীণদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ আসর উপজেলার জগতপুর আয়েশা সিদ্দিকা (রা.) হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলার সেক্রেটারি জনাব মো. আতিক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি হাফেজ আব্দুস সবুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী মোসলেম উদ্দিন (পুলিশ)। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বিন ইউসুফ, সহ-সভাপতি এরশাদুল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহয়ী যায়েদ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কুমিল্লা জেলার নবগঠিত কমিটির সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
বক্তারা তাদের আলোচনায় যুব সমাজকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার এবং দ্বীনের দাওয়াত ও প্রচারে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, “তোমাদের মধ্য থেকে এমন একটি দল হওয়া উচিত, যারা কল্যাণের দিকে আহবান জানাবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম।”
বুড়িচং পূর্বাঞ্চল শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফের নেতৃত্বে অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার আজিম, হাসান, ইমন, মেহেদি হাসান ও হাফেজ সেলিমসহ স্থানীয় যুব ও প্রবীণ নেতৃবৃন্দ।
পরিশেষে, দেশ ও জাতির কল্যাণে এবং দ্বীনের খেদমতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।