Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি - Chief TV

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  32 views
চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি - Chief TV

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দিয়ে তারা মুক্তি পান।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল।

সোমবার রাতে টাকা দেওয়ার কথা বলে জহিরুল ইসলাম জাকির মোল্লাকে রেইনট্রিতলা এলাকায় আসতে বলেন। নির্ধারিত সময়ে তিনি সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের মারধর করে আটকে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে মুচলেকা দেওয়ার পর অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, খালের মাটি বিক্রি, সালিশের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো নানা অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জাকির মোল্লা দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি। বরং বালুর ব্যবসায় অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বিএনপি কখনো চাঁদাবাজি বা চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না। দলের নাম ব্যবহার করে কেউ এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিস্তারিত জানেন না। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: