অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনীতি ‘আইসিইউ’ অবস্থা থেকে ‘কেবিনে’ উন্নীত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, অতীতে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি চরম সংকটের মুখে পড়েছিল। সেই সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার কাজ করছে। মাত্র দেড় বছরের ব্যবধানে অর্থনীতিকে খাদের কিনারা থেকে কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দ্রুত বিচার ব্যবস্থা কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যেকোনো সরকারকেই সংস্কার উদ্যোগ নিতে হয়। বর্তমান সরকার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেছে এবং এসব সংস্কার কার্যকর রাখতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু ভোট না হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে রাজনৈতিক চাপ নেই, অর্থের জোরে কোনো বিশেষ গোষ্ঠী প্রভাব বিস্তার করতে পারবে না। সবাই সহযোগিতা করলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার চায় সৎ, ত্যাগী ও জনদরদি মানুষ নেতৃত্বে আসুক।
কর্মসূচি শেষে অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা গণভোটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. সালেহউদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।