ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, অপরাধীদের গ্রেপ্তার করাই পুলিশের মূল কাজ, এখানে রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ জুলাই) রাত ২টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীব (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানানো হয়েছে। অপর গ্রেপ্তার সজীব স্থানীয় পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে পুলিশ দাবি করেছে।
ডিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার দুজনকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।