ঢাকার আদাবর এলাকায় সালিশি বৈঠকে হামলার ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা (৩০) নিহত হয়েছেন।
এ ঘটনায় একই ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাসার বাদশা মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে সমাধানের জন্য বুধবার রাতে নবোদয় বাজারে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, হামলাকারীরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা স্থানীয় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।