Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / এটাই শেষ বিশ্বকাপ: রোনালদো

এটাই শেষ বিশ্বকাপ: রোনালদো

2026-07-06  ডেস্ক রিপোর্ট  41 views
এটাই শেষ বিশ্বকাপ: রোনালদো

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও দুর্দান্ত ছন্দে ফুটবল খেলে যাচ্ছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও মাঠে দাপট ধরে রাখা এই তারকা এবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য কারও সিদ্ধান্তে নয়, নিজের ইচ্ছাতেই ফুটবলকে বিদায় জানাবেন তিনি। একই সঙ্গে নিশ্চিত করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোনালদো বলেন, ‘আমি যখন চাইব তখনই থামব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন—এটাই কি আমার শেষ? আমরা সামনে দেখব। আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকাল আমরা ভালো খেলি এবং পরের রাউন্ডে যাওয়ার বিশ্বাস রাখি।’

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করলেও বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই পর্তুগিজ মহাতারকা।

রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। সময়টা উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল আমার শেষ ম্যাচ নয়।’

আজ স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচের ফল যাই হোক না কেন, নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি।

আল নাসরের এই স্ট্রাইকার বলেন, ‘খেলায় যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো এখান থেকে হাজার ভাগ নির্মল হৃদয়ে বিদায় নেবে। আবেগ, ইচ্ছা—সব দিয়ে ফুটবল খেলেছি। কোনো অভাব বা প্রয়োজনের তাগিদে খেলিনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, জীবনে আমি খুব ভালো অবস্থানে আছি। ভালোবাসা থেকেই ফুটবল খেলেছি।’

বিশ্বকাপ শিরোপা জিততে না পারলেও নিজের অর্জনকে কোনোভাবেই ছোট করে দেখেন না রোনালদো। তার ভাষায়, ‘বিশ্বকাপ জিতলে আমি আরও বড় ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও ছোট হবো না। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা আমার প্রত্যাশার চেয়েও বেশি। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমার লক্ষ্য।’

শেষ বিশ্বকাপে রোনালদোর লক্ষ্য শুধু শিরোপার লড়াই নয়, বরং নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে স্মরণীয় করে রাখা।


Share: