গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাফিন আহমেদ বিপুল (৩৩), পিতা: মোঃ আফজাল হোসেন, গ্রাম: হাসিলকান্দি এবং পলাশ চন্দ্র ঘোষ (৩২), পিতা: মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, গ্রাম: ঝাড়াবর্ষা, থানা: সাঘাটা, জেলা: গাইবান্ধা।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে শাফিন আহমেদ বিপুল অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সাঘাটা থানা পুলিশ।
স্থানীয়দের মতে, অনলাইন জুয়ার বিস্তার যুব সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অভিযানে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।