ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন, সেদিন ঢাকা বিমানবন্দরে নামার পর স্ত্রীসহ সেখানে অবস্থান করছিলেন তিনি। এ সময় এক তরুণ তার স্ত্রীকে নিয়ে এগিয়ে এসে আবেগভরে বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে যেন শরিফ ওসমান বিন হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হয়।
বিএনপি মহাসচিব আরও লেখেন, গণতন্ত্রের পক্ষে সক্রিয় থাকা, নির্বাচন নিয়ে উদ্দীপনা ছড়ানো একেবারেই তরুণ একটি ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে—যা গভীরভাবে বেদনাদায়ক। তিনি বলেন, হাদি, মুসাব্বির ও সাম্য—এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হতে হবে।
পোস্টের শেষাংশে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত হবে—ইনশাআল্লাহ।