Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / মার্কিন জাহাজ থেকে মুক্ত ২২ ইরানি নাবিক পাকিস্তানে - Chief TV

মার্কিন জাহাজ থেকে মুক্ত ২২ ইরানি নাবিক পাকিস্তানে - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  27 views
মার্কিন জাহাজ থেকে মুক্ত ২২ ইরানি নাবিক পাকিস্তানে - Chief TV

মার্কিন কর্তৃপক্ষের আটক করা একটি জাহাজ থেকে মুক্তি পাওয়া ২২ জন ইরানি নাবিক পাকিস্তানে পৌঁছেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, নাবিকরা বর্তমানে করাচিতে অবস্থান করছেন এবং তাদের দ্রুত ইরানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর ওই নাবিকদের মুক্তি দেওয়া হয়। চুক্তির আওতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, নাবিকদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়াজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পাকিস্তান নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। এই সমন্বয়ের ফলেই নাবিকদের নিরাপদে করাচিতে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ৭০ জনের বেশি ইরানি নাগরিককে প্রত্যাবাসনে সহায়তা করেছে ইসলামাবাদ।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, করাচিতে অবস্থানরত নাবিকদের ইতোমধ্যে ইরানি কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তারা নিজ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


Share: