হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৪), একই এলাকার শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ (২০) এবং নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশাররফ (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্সের মালিক শেখ জামাল মিয়ার কাছ থেকে এনামুল হক সাকিবের নেতৃত্বে কয়েকজন যুবক ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
শেখ জামাল সাংবাদিকদের জানান, প্রায় ১৫ দিন আগে সাকিব ও তার সহযোগীরা মবের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৪৪ হাজার টাকা আদায় করে নেয়। গতকাল রাতে আবারও ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।