চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন একে অপরের ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।
শি জিনপিং জানান, গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, চীন সব সময় মনে করে দুই দেশের জন্য পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বই সঠিক পথ।
চীন–ভারত সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে শি জিনপিং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উভয় দেশ যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে এবং পারস্পরিক উদ্বেগ দূর করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে।
উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর এই দুই এশীয় দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় একটি অংশ এখনও নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকেই তা নিয়ে বিরোধ চলে আসছে।