কালিহাতীর ব্যস্ত রাজপথ থেকে শুরু করে নীরব গ্রামপথ—সবখানেই এখন নির্বাচনী আমেজে নতুন প্রাণচাঞ্চল্য। টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী দিন-রাত ছুটে চলেছেন মানুষের দোরগোড়ায়। উন্নয়ন, মানবিকতা ও আস্থার বার্তা নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সিংগুরিয়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্যসচিব এখলাস মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, যুগ্ম আহ্বায়ক মীর শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন, কালাম মিলিটারি, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী শুধু ভোট প্রার্থনাতেই সীমাবদ্ধ থাকেননি; তিনি মনোযোগ দিয়ে শুনেছেন সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা। কেউ তুলে ধরেছেন ভাঙাচোরা সড়কের দুর্ভোগ, কেউ বলেছেন মানসম্মত শিক্ষার অভাবের কথা, আবার কেউ যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানোর বেদনার কথা জানান। প্রতিটি অভিযোগ ও অভিজ্ঞতা তিনি ধৈর্যের সঙ্গে শোনেন।
নারান্দিয়ার সিংগুরিয়া বাজারের এক চায়ের দোকানদার বলেন,
“এতদিন অনেকেই ভোটের সময় আসে, কথা দেয়—পরে আর খোঁজ থাকে না। কিন্তু লিয়াকত আলী সাহেব যেভাবে আমাদের সমস্যা শুনলেন, মনে হলো তিনি সত্যিই কাজ করতে চান।”
স্থানীয় এক শ্রমিক নেতা বলেন,
“আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না। আজ উনি নিজে এসে জানতে চাইলেন—এটাই তো বড় ভরসা।”
ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় ইঞ্জিনিয়ার লিয়াকত আলী একটি আধুনিক ও সম্ভাবনাময় কালিহাতী গড়ার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন,
“নির্বাচিত হলে কালিহাতীতে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আমি কথা দিতে নয়—কথা রাখতে রাজনীতিতে এসেছি।”
এলাকাবাসীর ভাষ্যে, তাঁর আচরণে বিনয়, সততা ও দায়িত্ববোধের স্পষ্ট প্রতিফলন রয়েছে। একজন মানবিক ও নিষ্ঠাবান নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। গণসংযোগের প্রতিটি মুহূর্তে সাধারণ মানুষের চোখেমুখে ফুটে ওঠে প্রত্যাশার আলো—এই মানুষটি যদি কথা রাখেন, তবে বদলে যেতে পারে কালিহাতীর ভাগ্য।
এই বিশ্বাস থেকেই ক্রমেই আরও বেশি মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর হাত শক্ত করার অঙ্গীকার করছেন—একটি উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কালিহাতীর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায়।