Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই - Chief TV

ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  119 views
ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই - Chief TV

ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির পুত্র এবং দেশটির সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তিনি ইরানে ফিরে আসবেন এবং বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের পতন অনিবার্য।

শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় রেজা পাহলভি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ নেই। প্রশ্ন এখন শুধু একটাই—এই পতন ঠিক কখন ঘটবে।

তিনি আরও বলেন, ইরানে চলমান গণআন্দোলন প্রমাণ করে দিয়েছে যে জনগণ আর বর্তমান শাসনব্যবস্থা মেনে নিতে প্রস্তুত নয়। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক ভিডিওবার্তার মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন রেজা পাহলভি এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, সুযোগ সৃষ্টি হলে তিনি অবশ্যই ইরানে ফিরে যাবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, ইরানের জনগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। এখন বিশ্ববাসীর দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তিনি বিভিন্ন দেশকে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি কূটনৈতিক সমর্থন প্রত্যাহার, দূতাবাস বন্ধ এবং ইরানি কূটনীতিকদের বহিষ্কারের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৮ সালের জানুয়ারিতে সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান রেজা পাহলভি। পরবর্তী বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হলে রাজতন্ত্রের পতন ঘটে। সে সময় শাহ মোহাম্মদ রেজা পাহলভি ও তার পরিবারের সদস্যরা দেশ ছাড়তে বাধ্য হন। ইসলামি বিপ্লবের পর থেকে রেজা পাহলভি আর ইরানে ফিরে যাননি।


Share: