ফুটবল মাঠে প্রায় দুই দশকের প্রতিদ্বন্দ্বিতার পরও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিবারকে ঘিরে দেখা যাচ্ছে সৌহার্দ্যের এক নতুন দৃষ্টান্ত। এবার আলোচনায় এসেছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জু এবং রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।
সম্প্রতি নিজের নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’র পোশাক উপহার হিসেবে আন্তোনেল্লা রোকুজ্জুর কাছে পাঠিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। উপহার পাওয়ার পর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন আন্তোনেল্লা। সেখানে জর্জিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই দারুণ সুন্দর। তোমার নতুন উদ্যোগের জন্য অনেক শুভকামনা।’
আন্তোনেল্লার ইনস্টাগ্রামে সাড়ে চার কোটির বেশি অনুসারী থাকায় তার এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে শুধু উপহার বিনিময় হিসেবে দেখছেন না, বরং মেসি ও রোনালদোর দুই পরিবারের মধ্যে ইতিবাচক সম্পর্কের একটি উদাহরণ হিসেবেও দেখছেন।
মেসির স্ত্রী আন্তোনেল্লা ও জর্জিনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি তথ্য না থাকলেও তাদের মধ্যে কোনো বিরূপ সম্পর্কের খবরও নেই। বরং সাম্প্রতিক এই শুভেচ্ছা বিনিময় দুই পরিবারের মধ্যে সৌহার্দ্যের ইঙ্গিত দিচ্ছে।
জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি তার নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’র প্রচারণা শুরু করেছেন। নারীদের জন্য আরামদায়ক ও বহুমুখী পোশাক তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডের প্রচারে বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে একটি বিশেষ জার্সি পরে উপস্থিত হয়েছিলেন তিনি।
এদিকে মাঠের লড়াইয়ে রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শেষ ষোলোতেই। অন্যদিকে চলমান আসরটিই মেসির শেষ বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে দীর্ঘদিনের আলোচিত মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতাও শেষের দিকে বলে মনে করছেন অনেকে।
তবে ফুটবলের বাইরের জগতে দুই কিংবদন্তিকে ভবিষ্যতে একসঙ্গে কোনো সামাজিক, বাণিজ্যিক বা মানবিক উদ্যোগে দেখা যেতে পারে বলে ধারণা করছেন ভক্তরা। দুই পরিবারের সাম্প্রতিক এই সৌহার্দ্যপূর্ণ ঘটনা সেই সম্ভাবনারই নতুন ইঙ্গিত দিচ্ছে।