দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, নানা আলোচনা-সমালোচনা ও প্রতিকূলতা কাটিয়ে পুনরায় দায়িত্বে বহাল হয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম। গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেন এবং ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রমে পুনরায় অংশগ্রহণ শুরু করেন।
জানা যায়, চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলে বিষয়টি প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার মধ্যে যায়। এর ফলে তিনি কিছু সময় নিয়মিত দাপ্তরিক কার্যক্রম থেকে দূরে থাকলেও সংশ্লিষ্ট বিষয়ে আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের মতামত ও তদন্ত প্রক্রিয়া শেষে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তার বিরুদ্ধে আর কোনো আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা না থাকায় তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৪ জুন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন আনুষ্ঠানিকভাবে তার কাছে চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) সীমা শারমিনের উপস্থিতিতে এবং তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আফরোজ খসরুর মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত চেয়ারম্যানের ইউজার আইডিও তাকে পুনরায় হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে এবং তিনি পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালনে ফিরে আসেন।
দায়িত্ব ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আমি আবারও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলো নিয়ে আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মতামত এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, “গত কিছুদিন আমি নিয়মিত অফিস করতে পারিনি। তবে এই সময়টিকে আমি জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছি। ব্যক্তিগতভাবে কারও প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ কিংবা কষ্ট নেই। মানুষের জীবনে প্রতিকূল সময় আসে, আর ধৈর্য, সততা ও জনগণের ভালোবাসাই সেই সময় অতিক্রম করার শক্তি যোগায়।”
চেয়ারম্যান আশরাফুল ইসলাম ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আজ থেকে আমার সময় মানুষের সেবায় ব্যয় হবে। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে শালবাহান ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব। জনগণের কল্যাণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। ইনশাআল্লাহ, আমি সব সময় আপনাদের পাশে থাকব।”
এদিকে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের খবরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। চেয়ারম্যান আশরাফুল ইসলামের প্রত্যাবর্তনের মাধ্যমে এসব কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে কাঙ্ক্ষিত সেবা পাবেন।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আরও দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন। সকলের ভালোবাসা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদ উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম।