গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর পলাশবাড়ী উপজেলা সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি মামলায় তিনি প্রায় দেড় বছর ধরে কারাগারে হাজতি ছিলেন। শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে সাধারণ সম্পাদক এবং ২০১৮ সাল থেকে উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি পলাশবাড়ী ডিগ্রি কলেজে প্রভাষক ও পরে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে পলাশবাড়ীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি পলাশবাড়ী পৌর শহরের বৈরিহরিণমারি গ্রামের মরহুম জব্বার সরকারের ছেলে।