রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারাদেশে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাতে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
এ ছাড়া জেলায় জেলায় স্থানীয় নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কয়েক বছর ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপি প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়েছে।