Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ - Chief TV

খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  27 views
খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ - Chief TV

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম ঘটে। এ সময় শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা আগত মানুষের সেবায় কাজ করেন।

এই মানবিক কার্যক্রমে অংশ নেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। তারা ফল, কেক, নাস্তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে আগত মানুষের পাশে দাঁড়ান।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই উদ্যোগে সরাসরি অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নিজ হাতে মানুষের মাঝে ফল ও কেক বিতরণ করেন এবং তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রতি সংহতি জানান।

এদিকে মঙ্গলবার (৭ জুলাই) আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে টানা তৃতীয় দিনের মতো ইরানের বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারে করে খামেনির মরদেহ রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পবিত্র শহর কোমে আনা হয়। সেখানে শোকযাত্রা শেষে বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

এর আগে তেহরানেও টানা কয়েক দিন ধরে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় জড়ো হন। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, এই শোকযাত্রায় মানুষের উপস্থিতি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।


Share: