Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / কক্সবাজারে মদপানে পর্যটকের মৃত্যু- Chief TV

কক্সবাজারে মদপানে পর্যটকের মৃত্যু- Chief TV

2025-10-22  ডেস্ক রিপোর্ট  148 views
কক্সবাজারে মদপানে পর্যটকের মৃত্যু- Chief TV

কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে মদপানের পর এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত পর্যটকের নাম মোহাম্মদ রুবেল (৪২)। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান।

মৃত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।

হোটেল সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রুবেল নিজস্ব প্রাইভেটকারে করে চালকসহ নওগাঁ থেকে কক্সবাজারে আসেন এবং কলাতলী হোটেল-মোটেল জোনের হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজারে অবস্থান করেন। পরে ২০ অক্টোবর নওগাঁ থেকে তার চার বন্ধু এসে একই হোটেলে ওঠেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রুবেল তার বন্ধুদের সঙ্গে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। রাতের কোনো এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন কক্ষে থাকা দুই নারী ও তার বন্ধুরা মিলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত রুবেলের দুই বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬), এবং স্থানীয় দুই নারী মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)-কে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন, এবং বিস্তারিত জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।


Share: