কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উলটে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফরিদপুর সদর উপজেলার ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে যায় এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রথমে চালক আনিসের লাশ উদ্ধার করে। পরবর্তীতে পাথরের নিচে চাপা পড়া সহকারী রতনের লাশও উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।