Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই - Chief TV

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  44 views
মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই - Chief TV
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্ট থেকে বিদায় করার ভবিষ্যদ্বাণী করে চলতি বিশ্বকাপে ব্যাপক আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম। তাঁর দাবি ছিল, গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অব থার্টি টু-তে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমঞ্চে সবচেয়ে বড় অঘটন ঘটাবে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
 
তবে মাঠের খেলায় সেই ভবিষ্যদ্বাণী সত্যি তো হয়ই-নি, উল্টো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তান্ত্রিকের নিজের দেশ ঘানাকেই। রাউন্ড অব থার্টি টু-এর ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ঘানা।
 
অন্যদিকে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে মেসিকে থামানোর যে তান্ত্রিকী বার্তা ঘিরে শোরগোল তৈরি হয়েছিল, বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ঘানার ওপর নিয়ন্ত্রণ নেয় কলম্বিয়া। খেলার ১৪তম মিনিটে জন আরিয়াসের করা একমাত্র দর্শনীয় গোলেই এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
 
ম্যাচের বিরতির পর ঘানা সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। এর মধ্যে লুইস দিয়াজের একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
 
শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়েই শেষ ষোলোতে জায়গা করে নেয় কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে আগামী ৮ জুলাই ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপ শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নান্না কওয়াকু বোনসামের নানা মন্তব্য ভাইরাল হতে থাকে। এর আগে গ্রুপ পর্বেও তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি বিশেষ অভিশাপ দিয়েছিলেন।
 
কাকতালীয়ভাবে ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি নিয়ে ফুটবলপাড়ায় বেশ কৌতূহল তৈরি হয়। তবে কেপ ভার্দে ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে তাঁর সর্বশেষ ও সবচেয়ে বড় ভবিষ্যদ্বাণীটি এবার পুরোপুরি ভুল প্রমাণিত হলো। মেসি বাহিনী দাপটের সাথে শেষ ষোলোর টিকিট কেটেছে, আর ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ঘানাকে।

Share: