Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / নড়াইল / নড়াইলে বিরিয়ানির প্রলোভনে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২ - Chief TV

নড়াইলে বিরিয়ানির প্রলোভনে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২ - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  37 views
নড়াইলে বিরিয়ানির প্রলোভনে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২ - Chief TV

নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং কেক কাটার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে লোক জড়ো করে এসব কর্মসূচি পালন করা হয়েছিল।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে লোহাগড়া থানা পুলিশ।

আটক দুজন হলেন চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) এবং মন্টু মোল্যার ছেলে মোতায়ের হোসেন (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লোহাগড়া রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গভীর রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিরিয়ানি খাওয়ানোর কথা বলে কয়েকজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
 


Share: