দীর্ঘ প্রায় ১৯ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বুধবার বগুড়ায় আসছেন। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচি শেষ করে সড়কপথে তিনি তার পৈতৃক জেলা বগুড়ায় পৌঁছাবেন এবং সেদিন রাত যাপন করবেন। পরদিন বৃহস্পতিবার তিনি বগুড়া–৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। একই দিন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
রোববার আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শনের পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানকে বরণ করতে জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নেতার আগমন ঘিরে পুরো জেলায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে সে সময় কর্মসূচি বাতিল করা হয়। লন্ডনে দীর্ঘদিন অবস্থানের পর দেশে ফেরার পর এটি নিজ নির্বাচনী এলাকায় তার প্রথম সফর। স্থানীয় বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ২০০৬ সালে তিনি বগুড়ায় এসেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনের পাশাপাশি বগুড়া–৬ (সদর) আসন থেকেও বিএনপির প্রার্থী হয়েছেন তারেক রহমান। বগুড়ার গাবতলী উপজেলায় তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি অবস্থিত। অতীতে গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া–৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত হন।
তারেক রহমানের আগমনকে ঘিরে বৃহস্পতিবার আলতাফুন্নেছা খেলার মাঠে বড় ধরনের জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে নানা আয়োজন সম্পন্ন করা হচ্ছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, ২৮ জানুয়ারি রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। ওই দিন তিনি শহরের একটি হোটেলে অবস্থান করবেন। পরদিন জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি বগুড়া সদর এলাকায় গণসংযোগ করবেন এবং গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে পারিবারিক বাড়িতেও যাবেন।
এ সফরকে সফল করতে রোববার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভাও অনুষ্ঠিত হয়েছে।